কেরানীগঞ্জে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় মো. জুয়েল (২৩) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার সকালে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা রোডের পাশে একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

সোনাকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাহমুদ আলম জানান, নিহত জুয়েল বৃহস্পতিবার দুপুরে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। রাত অনেক হয়ে গেলেও বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন।

কোথাও না পেয়ে বৃহস্পতিবার  রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে সোনাকান্দা পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া হয় জুয়েলের লাশ সোনাকান্দায় একটি আমবাগানে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে।

মাহমুদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত সোহেলের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার টেগাইটা গ্রামে। তার বাবার নাম মফিজুল ইসলাম। তিনি রোহিতপুর ইউনিয়নে লাখিরচর গ্রামে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিলেন।

এলাকাবাসীর ধারণা- ছিনতাইকারীরা তার অটোরিকশাটি ছিনতাই করার পরে তাকে হাত-পা বেঁধে হত্যা করতে পারে।