ঝালকাঠিতে আইরিন আক্তার কবিতা (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে মৃত কবিতার লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ।
আইরিন আক্তার কবিতা উপজেলার হাইলাকাঠি গ্রামের ইউনুস ভুঁইয়ার মেয়ে ও একই গ্রামের মিরাজ হাওলাদারের স্ত্রী। কবিতা দম্পতির মাহিমা নামে সাত মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
এ ঘটনায় গৃহবধূর স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইরিনের স্বামী মিরাজ হাওলাদারকে আটক করা হয়েছে। মিরাজ হাওলাদার পেশায় একজন শ্রমিক।
নিহতের শাশুড়ি জাহানুর বেগম জানান, দুপুরে খাওয়ার পর ছেলে মিরাজ ও বউ কবিতা তাদের নিজেদের ঘরে শুয়ে পড়ে এবং কিছুক্ষণ পরে মিরাজ বাইরে চলে যায়। এ সময় কবিতার সাত মাস বয়সী মেয়ে মাহিমা চাচার সঙ্গে বাইরে ছিল।
কিছুক্ষণ পরে শিশু মাহিমা কান্না শুরু করলে তাকে বুকের দুধ খাওয়ানোর জন্য কবিতার কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় কবিতাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে স্বামী মিরাজসহ পরিবারের লোকজন ছুটে আসে।
পরে কবিতাকে অচেতন অবস্থায় রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কবিতার বাবা ইউনুস ভুঁইয়া অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে প্রায়ই শ্বশুরবাড়ির লোকজন কবিতাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। কবিতার সঙ্গে ওর স্বামীর সম্পর্ক ভালো ছিল না। পারিবারিক কলহের কারণে কবিতাকে স্বামী মিরাজ হাওলাদার শ্বাসরোধ করে হত্যা করেছে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মৃতের বাবা ইউনুস ভুঁইয়ার অভিযোগের ভিত্তিতে গতরাতে একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।