বরিশালে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা ভন্ডুলের চেষ্টা

বরিশালে বিভাগীয় ও মহানগর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা ভন্ডুলের চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে। এতে সভায় আসা কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ারের নামে স্লোগান দেয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা ভন্ডুল হওয়ার উপক্রম হয়।

শুক্রবার সকাল ১০ টায় সদর রোডে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর কিছুক্ষণ পরপরই মহানগর স্বেচ্ছাসেবক দলেরে সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম সমির ও মহানগর সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদের নেতৃত্বে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপিসহ দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিল সহকারে এসে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সেখানে তারা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ারের নামে স্লোগান দিতে থাকে।

এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ফরিদ উদ্দিন আহমেদ সভাস্থল ছেড়ে নিচে নেমে এসে স্থানীয় নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। নিজেই দলীয় কার্যালয় থেকে আসা বিএনপি, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদল ওয়ার্ড নেতা কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

কেন্দ্রীয় সহসভাপতি বলেন, আপনারা যদি স্বেচ্ছাসেবক দলের মত বিনিময় সভার পরিবেশ নষ্ট করেন তাহলে আমাদেরকে বলেন আমরা এখান থেকে চলে যাব। তবে সভা ভন্ডুল হলে এর দায় নিতে হবে মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সমিরকে। এরপর তিনি সভা শুরু করেন।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও বরিশাল বিভাগের প্রধান ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় টিম লিডার ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আজহারুল হক মুকুল। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সরদার মো. নুরুজ্জামান, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ফজলুল কবীর জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ, মাহাবুবুর রহমান পিন্টু প্রমুখ।

মত বিনিময় সভায় কেন্দ্রীয় সহ-সভাপতি আজহারুল হক মুকুল সংগঠনের নেতাদের বলেন, পেছনের দলাদলির কথা ভুলে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দলকে আরও কি করে সুসংগঠিত, গতিশীল ও বেগবান করা যায় সে প্রসঙ্গে নেতাদের দিক নির্দেশনা দেন।