হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্স

নারী চিকিৎসকের দাবিতে হাসপাতাল ঘেরাও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী চিকিৎসক না থাকায় চিকিৎসাসেবা বঞ্চিত নারীরা হাসপাতাল ঘেরাও করেছেন। উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা নারী রোগীরা গতকাল শনিবার দুপুরে হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নেন।

এসময় তারা নারী চিকিৎসক পদায়ন না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে পৌর মেয়র উপস্থিত হয়ে আগামী সাতদিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন।

হাসপাতালে আসা নাজমা বেগম ও মেহেরুন আকতার বলেন, পুরো হাকিমপুর উপজেলায় কোনো ধরনের ক্লিনিক বা এ ধরনের কোনো কিছু নেই। একমাত্র সরকারি হাসপাতালই আমাদের চিকিৎসাসেবার মূল আশ্রয়স্থল। একই সঙ্গে আশপাশের অনেক মানুষ এখানেই চিকিৎসাসেবা গ্রহণ করেন। কিন্তু আজ পাঁচ মাসের মতো বেশি সময় ধরে আমাদের হাসপাতালে মাত্র একজন নারী চিকিৎসক থাকলেও তিনি অন্যত্র চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। আমাদের বিভিন্ন অসুখের জন্য হাসপাতালে এলেও পুরুষ চিকিৎসক হওয়ার কারণে আমাদের সবধরনের সমস্যার কথা বলতে পারি না। নারীদের বেশ কিছু সমস্যা রয়েছে যা পুরুষ চিকিৎসকদের কাছে কেউ বলতে চান না। তাই হাসপাতালে যেন অতিসত্বর একজন নারী চিকিৎসক দেওয়া হয় সে কারণে আজ আমরা হাসপাতাল ঘেরাও ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছি।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, হাসপাতালে নারী চিকিৎসকের দাবিতে বিভিন্ন এলাকা থেকে নারীরা জড়ো হয়ে হাসপাতাল ঘেরাও করেছেন- এমন খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে এমন আশ্বাস তাদের দেওয়া হয়।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নয়জন চিকিৎসকের পদ, কিন্তু রয়েছে চারজন। এদের মধ্যে একজন নারী চিকিৎসক থাকলেও করোনার কারণে অ্যাটাচমেন্টে তাকে অন্যত্র চিকিৎসাসেবা দিতে হচ্ছে। যার কারণে এলাকার নারী রোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।