মাকে পুড়িয়ে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

শেরপুরের শ্রীবরদীতে মাকে পুড়িয়ে হত্যার অভিযোগে ছেলে হানিফকে গত শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় হানিফের মামা দুলাল মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। বিকেলেই হানিফকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত হনুফা শ্রীবরদী উপজেলার উত্তরপাড়া মহল্লার সওদাগর মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে গত ১২ অক্টোবর রাতে ঘুমন্ত মায়ের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয় হানিফ। তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। গত শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শ্রীবরদী থানার ওসি রুহুল আমিন বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে হানিফের নামে মামলা করেন। আমরা অভিযুক্তকে গতকাল শনিবার আদালতে পাঠিয়েছি।