রানির নায়ককে বাঁচাতে সালমানের আর্থিক সাহায্য

রানি মুখার্জির সঙ্গে মেহেন্দি ছবিতে অভিনয় করা ফারাজ খানকে আর্থিক সাহায্য করেছেন সালমান খান। অসুস্থ এই অভিনেতা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম।

একাধিক অস্ত্রোপচারের জন্য অর্থের প্রয়োজন বলে তার পরিবার একটি তহবিল সংগ্রহকারী সংস্থার সাহায্য নেয়। সেই সংস্থার প্ল্যাটফর্মেই প্রকাশ করা হয় ফারাজের শারীরিক অবস্থা। এই খবর পৌঁছায় অভিনেতা সালমানের কাছে। খবর পাওয়া মাত্রই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সল্লু ভাই। তিনি হাসপাতালের বিল দিয়ে দেন।

ফারাজকে সালমানের সাহায্যের খবরটি প্রকাশ করেন অভিনেত্রী কাশ্মেরা শাহ। এই পদক্ষেপের জন্য সালমানের প্রশংসা করেছেন তিনি।

ইনস্টাগ্রামে সালমানের উদ্দেশে কাশ্মেরা লেখেন, ‘সত্যিই তুমি একজন মহান মানুষ। ফারাজ খানের চিকিৎসার খরচের খেয়াল রাখার জন্য অসংখ্য ধন্যবাদ।’

তিনি বলেন ‘এই পোস্টটি মানুষের পছন্দ না হলে আমার কিছু যায় আসে না। আমাকে আনফলো করতে পারেন। এটাই আমি ভাবি। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি যতজন মানুষকে দেখেছি তাদের মধ্যে সালমান সবচেয়ে খাঁটি।’

অনেকেই সালমানের এই উদ্যোগের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, সত্যিই সালমানের মতো কেউ হয় না। কেউ আবার লিখেছেন, ভাইজানকে সব সময় শ্রদ্ধা করি। পেছনে কে কী বলছে কিছু যায় আসে না।

ফারেব ও মেহেন্দির মতো বেশ কিছু ছবিতে কাজ করেছিলেন ফারাজ। পরে অবশ্য নিজের জায়গা ধরে রাখতে পারেননি। এখন গুরুতর অসুস্থ হয়ে বেঙ্গালুরুর বিক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন।