চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ৩৬ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এই অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণে কারেন্ট জাল ও ইলিশ মাছসহ জেলেদের আটক করা হয়।
জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত ইলিশ সংরক্ষণ টাস্কফোর্সের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে চাঁদপুর সদর উপজেলা থেকে ২৪ জেলে, মতলব উত্তর উপজেলা থেকে ৪ জেলে এবং হাইমচর উপজেলায় অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের মধ্যে ৮ জনকে এক বছর করে, ১৫ জনকে এক মাস করে, ৯জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হওয়া হয়েছে।
এ ছাড়া বাকি ৫ জেলের বয়স কম হওয়ার কারণে ২০ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী বলেন, পৃথক পৃথক অভিযানের মাধ্যমে এই জেলেদের আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে তাদের দণ্ড প্রদান করা হয়।
এ সময় ২ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬৬ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।