গতকাল ছিল জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের জন্মদিন। রাতেই বেশ কয়েকজন বন্ধু মিলে কেক কেটেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাসায় দিন কাটছে তাহসানের। বন্ধু ও ভক্তরা বাসার ঠিকানায় কেক পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন অজস্র শুভেচ্ছাবার্তা। তাদের ধন্যবাদ জানিয়েই দিনটি কেটে গেছে শিল্পীর। তবে বিশেষ এই দিনে পাশে নেই একমাত্র মেয়ে আইরা। দূর থেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সে। জন্মদিনে বাবার সঙ্গে নেই বলে মন খারাপ তার। আইরা এখন কলকাতায়, মা মিথিলার কাছে। প্রতি বছর এই দিনে বাবা-মেয়ে মিলে অনেক আনন্দ করতেন। তাহসান বলেন, ‘আইরাকে বলেছি, মন খারাপ না করতে। ওর জন্য অপেক্ষা করছি, আবার যখন দেখা হবে, সেদিন আমরা বড় পরিসরে জন্মদিন পালন করব।’ চলতি মাসের শুরুর দিকে ওয়েবভিত্তিক একটি প্রযোজনার শ্যুটিংয়ে অংশ নিয়েছিলেন তাহসান ও তানজিন তিশা। প্রথমে তিশা করোনায় আক্রান্ত হন। একে একে ওই সেটের অভিনেতা তাহসান ও পরিচালক রাজ করোনায় আক্রান্ত হন। জন্মদিনের ঠিক আগের দিন করোনাভাইরাস থেকে মুক্ত হন তাহসান। তিনি বলেন, ‘একটি বই লিখছি। আগামী বইমেলায় প্রকাশ হবে। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে ঘরে বসে বেশ কিছু কবিতা লিখেছি, যেগুলো বই আকারে প্রকাশ করব ২০২২ সালের মেলায়। ২৩ অক্টোবর থেকে আবার শ্যুটিংয়ে ফিরব।’