নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মো. মেহেদী অন্তর (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
তিনি গত ৯ অক্টোবর শুক্রবার দুপুরে বাসা থেকে বের হয়ে যান। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
অন্তর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। তিনি উপজেলার পৌরশহরের নওহাল পূর্বপাড়ার মো. হাবিবুল হাসান হাবিবের ছেলে।
এ ঘটনায় অন্তরের বাবা হাবিবুল হাসান হাবিব গত ১০ অক্টোবর মোহনগঞ্জ থানায় জিডি করেছেন। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় তার পরিবারের লোকজন।
অন্তরের বাবা হাবিবুল হাসান হাবিব দেশ রূপান্তরকে জানান, এ পর্যন্ত আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। কোথাও অন্তরের সন্ধান পাইনি। নিখোঁজের পর থেকে আজ অবধি টাকা-পয়সা চেয়ে কেউ ফোনও করেনি।
থানায় জিডি করার পর পুলিশ এসে তার ব্যবহৃত কম্পিউটারটি নিয়ে গেছে। তবে এখন পর্যন্ত তারা অন্তরের কোনো সন্ধান দিতে পারেনি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান দেশ রূপান্তরকে জানান, নিখোঁজের পর থেকে অন্তরের মোবাইল নম্বর বন্ধ রয়েছে। ফেইসবুক আইডিটিও ডিঅ্যাকটিভেট। আমরা আন্তরিকভাবে তাকে খোঁজার চেষ্টা করছি।