ডুবোচরে ২ শতাধিক যাত্রী নিয়ে এক ঘণ্টা আটকে ছিল লঞ্চ

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীর চায়না চ্যানেলের ডুবোচরে দুই শতাধিক যাত্রী নিয়ে এমভি ফাহিম তামিম নামের একটি লঞ্চ এক ঘণ্টা আটকে ছিল।

সোমবার সন্ধ্যায় লঞ্চটি কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে রওনা দেয়।

কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানিয়েছে, নৌরুটে নাব্যতা সংকটের কারণে সোমবার সকাল থেকে বন্ধ ছিল লঞ্চ চলাচল। তবে দুপুরের পর ছোট ১৫/২০টি লঞ্চ চলাচল শুরু করে।

সন্ধ্যার দিকে এমভি ফাহিম তামিম নামের লঞ্চটি কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে রওনা দেয়। নৌরুটের চায়না চ্যানেল অতিক্রমের সময় লঞ্চটি ডুবোচরে আটকে যায়।

পরে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে লঞ্চটি ডুবোচর মুক্ত হলে শিমুলিয়া না গিয়ে কাঁঠালবাড়ি ঘাটে ফিরে আসে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ডুবোচর থেকে উদ্ধার করার পর লঞ্চটি কাঁঠালবাড়ী ঘাটে ফিরিয়ে এনে যাত্রীদের বিকল্পভাবে পার হওয়ার পরামর্শ দেওয়া হয়।