সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে একটি মুরগিবোঝাই পিকআপ ডাকাতি হওয়ার এক দিন পর সিসিটিভি ফুটেজ দেখে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুর থেকে ডাকাতি হওয়া ট্রাক উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে ভোররাতে অভিযান চালিয়ে সাভার ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে ডাকাত সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলো পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার দেউলী গ্রামের মো. খোকন সরদার (২২), একই জেলার সদর থানার গাবেরা গ্রামের মো. রাব্বি (২১), মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার চান্দুর গ্রামের রুবেল ওরফে রুবেল (৩৫) ও নেত্রকোনা জেলার আটপড়া থানার কুতুবপুর গ্রামের সাহিদুল ইসলাম (৩৫)।
সাভার মডেল থানার এসআই প্রাণ কৃষ্ণ জানান, গত ১৭ অক্টোবর দিনাজপুরের ঘোড়াঘাট থানার বানীগঞ্জ থেকে মুরগিবোঝাই ট্রাক ঢাকায় রওনা করে। ওইদিন রাত ১১টার দিকে ট্রাকটি সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় পৌঁছলে দুটি ছোট পিকআপ তাদের গতিরোধ করে। পরে চালক ও সহযোগীকে অস্ত্রের মুখে জিম্মি করে মুরগিবোঝাই ট্রাকটি ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা সাভার মডেল থানায় মামলা করেন।