যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে একটা সময় কব্জিতে জপমালা হাতে ক্যাথলিক ধর্ম বিশ্বাস নিয়ে আলোচনা করতে দেখা যেত। নিজের জীবনের সংকটময় মুহূর্তগুলোতে কীভাবে ধর্মীয় বিশ্বাস তাকে রক্ষা করেছে তাই ছিল তার আলোচনার বিষয়। এবারের গুরুত্বপূর্ণ নির্বাচনেও বাইডেন আশা করছেন, যুক্তরাষ্ট্রের ক্যাথলিকরা তাকে ভোটে জিততে সহায়তা করবেন। যদিও ক্যাথলিকদের সংখ্যাগরিষ্ঠ অংশই ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছিল।
প্রতি রবিবার জো বাইডেনকে দেলাওয়ার ব্রান্ডিওয়াইনের সেন্ট জোসেফ চার্চে যেতে দেখা যায়। এই চার্চের গোরস্থানেই ২০১৫ সালে তার সন্তান বেউকে সমাহিত করা হয়েছিল। এছাড়া তার প্রথম স্ত্রী নেইলা ও মেয়ে নওমিকেও সমাহিত করা হয় ওই গোরস্থানে। প্রিয় সন্তান বেউয়ের মৃত্যুর পর থেকে বাইডেন কব্জি থেকে জপমালা খোলেননি এমন দাবি তার। যুক্তরাষ্ট্রে ক্যাথলিকদের ধর্মবিশ্বাসের সঙ্গে এই জপমালার সম্পর্ক বেশ গাঢ়। এবারের নির্বাচনে যদি বাইডেন জিতে যান তাহলে জন এফ কেনেডির পর তিনিই হবেন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্যাথলিক প্রেসিডেন্ট।
নভেম্বরের তিন তারিখের নির্বাচনে জেতার সবগুলো ক্ষেত্র যাচাই করছেন বাইডেন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ৫২ শতাংশ ক্যাথলিক ট্রাম্পকে আর ৪৫ শতাংশ হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়েছিল বলে পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে জানা যায়। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার পাঁচ ভাগের একভাগ ক্যাথলিকরা। ফলে ভোটব্যাংকের হিসেবে ক্যাথলিকদের রয়েছে বেশ গুরুত্ব।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ২০১৬ সালে প্রতি দশজন ক্যাথলিকের মধ্যে ছয়জনই সমর্থন করেছিল। আর একই নির্বাচনে প্রতি দশজন হিসপ্যানিক ক্যাথলিকের মধ্যে সাতজনই হিলারিকে সমর্থন দিয়েছিল। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের উল্লেখযোগ্য কর্তাব্যক্তিরা সব ক্যাথলিক। যুক্তরাষ্ট্রের সামাজিক আন্দোলনগুলোর মধ্যে নারীদের গর্ভপাত অধিকার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। বাইডেন ক্ষমতায় এলে প্রতিশ্রুতি অনুসারে নারীদের গর্ভপাতের অধিকার বিলে স্বাক্ষর করবেন এমনটা ধারণা করা যায়।
গত বছর একজন ক্যাথলিক যাজক বাইডেনের সঙ্গে কথা বলতে রাজি হননি ডেমোক্র্যাটদের প্রো-চয়েস অবস্থানের কারণে। বাইডেন ক্যাথলিক হলেও ক্যাথলিকদের অনেক দাবি-দাওয়া ও সংস্কৃতির সঙ্গে কার্যত বিরোধ আছে তার। তবে আশার কথা এই যে, যুক্তরাষ্ট্রে ক্যাথলিকদের মধ্যে বহু ভাগ রয়েছে। এই ভাগগুলোর মধ্যে শুধু গর্ভপাতের অধিকার নিয়েই সোচ্চার এমন ভাগ খুব কম। ফলে বাইডেনের পক্ষে ক্যাথলিকদের ভোট পড়ার আশা কিছু থেকেই যাচ্ছে। আর এই দিকটাই কাজে লাগাতে চাইছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।