হালকা প্রকৌশল শিল্প খাত উন্নয়ন

রিসার্চ সেন্টার গড়ে তোলার নির্দেশ

হালকা প্রকৌশল শিল্প খাত উন্নয়নে লাইট ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন শিল্প সচিব কে এম আলী আজম। তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিটাক এ গবেষণা কেন্দ্র গড়ে তুলবে। এ প্রতিষ্ঠানে মেধা প্রকৌশলী ও গবেষকদের চাকরিতে আগ্রহী করতে উঁচু বেতন কাঠামো, বিশেষ প্রণোদনাসহ অন্যান্য আর্থিক সুবিধার নিশ্চয়তা দিতে হবে। এ লক্ষ্যে দ্রুত প্রস্তাব শিল্প মন্ত্রণালয়ে পাঠানোর জন্য বিটাকের দৃষ্টি আকর্ষণ করেন শিল্প সচিব।

লাইট ইঞ্জিনিয়ারিং বিকাশে শিল্প মন্ত্রণালয় চিহ্নিত সুপারিশের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্বকালে শিল্প সচিব এ নির্দেশনা দেন। গতকাল শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন এনডিসি হালকা প্রকৌশল শিল্প খাত বিকাশে প্রণীত সুপারিশের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন।

এ সময় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম, বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, বিটাক মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, শিল্প, বাণিজ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআইসহ কমিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প খাতে চলমান উন্নয়ন কার্যক্রম বেগবান করতে শিল্পপার্ক স্থাপন, এ খাতের উদ্যোক্তাদের জন্য অল্প খরচের তহবিল সরবরাহ ও আর্থিক প্রণোদনা প্রদান, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী ও ব্যবস্থাপক তৈরি, উৎপাদিত পণ্য বাজারজাতকরণ, সাব-কন্ট্রাকটিং শিল্পের বিকাশ ও আইন প্রণয়ন এবং হালকা প্রকৌশল শিল্পনীতি প্রণয়ন সংক্রান্ত সুপারিশের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয়, সম্ভাবনাময় এলাকা চিহ্নিত করে বিসিক ইতিমধ্যে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পপার্ক স্থাপনের কাজ শুরু করেছে।