শিশু গৃহবধূ তরুণসহ ৫ জনের লাশ উদ্ধার

কুষ্টিয়ায় শিশুর, পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধূর এবং গাজীপুর, কক্সবাজার ও বগুড়ার আদমদীঘি থেকে তিন তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

পটুয়াখালী : কলাপাড়ায় সালমা বেগম (২১) নামে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। রহস্যজনক মৃত্যুর কারণে স্বামী এমাদুলকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া : সদর উপজেলার হরিনারায়ণপুরে পরিত্যক্ত শৌচাগার থেকে সানজিদা খাতুন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে শ^াসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গত রবিবার রাতে লাশ উদ্ধারের পর হত্যায় জড়িত সন্দেহে নিহত সানজিদার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ফুপুকে আটক করেছে ইবি থানা পুলিশ। সানজিদা একই এলাকার সোহাগ হোসেনের মেয়ে।

গাজীপুর : অজ্ঞাতপরিচয় এক তরুণের (২৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে গাজীপুর মহানগরীর নান্দুয়াইন এলাকার একটি ধানক্ষেত থেকে মেট্রোপলিটন সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও ফুল হাতা শার্ট ছিল। তার গলাকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি আলমগীর ভূঞা জানান, লাশটি চার-পাঁচ দিন আগের।

কক্সবাজার : বাঁকখালী নদীতে শখের বশে মাছ শিকারে গিয়ে নিখোঁজ মো. ইউনুস (৩৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিসের দল বাঁকখালী নদীর মোহনা থেকে ইউনুসের মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের টিম লিডার ও কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাকির হোসেন। গত রবিবার রাত ১২টার দিকে তিন বন্ধু নদীতে মাছ শিকারে গেলে তাদের নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় মো. বেলাল নামে একজন এখনো নিখোঁজ।

দুপচাঁচিয়া (বগুড়া) : আদমদীঘিতে গতকাল সোমবার দুপুরে সুজন আলী (২৫) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুজন আলী উপজেলার সান্দিড়া গ্রামের সান্তাহার ইউপির সদস্য ফেরদৌস আলীর ছেলে। মাদকাসক্ত সুজন গত রবিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হন। পরদিন গতকাল দুপুরে গ্রামের মনিখা পুকুরপাড়ের কবরস্থানের ভেতর কদমগাছের সঙ্গে গলায় শার্ট প্যাঁচানো এবং মাটিতে হাঁটু গাড়া অবস্থায় তার লাশ পাওয়া যায়।