আলোচনা সভায় জিএম কাদের

৭০ ধারা সংসদীয় সরকারব্যবস্থাকে বিকলাঙ্গ করেছে

৭০ ধারা সংসদীয় সরকারব্যবস্থাকে বিকলাঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘৭০ ধারার কারণে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিতে পারেন না। আর এ কারণেই সংসদে একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়।’ গতকাল সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে শ্রমিক পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ’৯০ সালে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ তিন জোটের রূপরেখা অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু ’৯১ সালে তিন জোটের রূপরেখা অনুযায়ী রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা পরিবর্তন করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে দেশে প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানই সরকারপ্রধান হচ্ছেন, তিনি যা বলবেন তাই হবে। কারণ দলের বাইরে কথা বললে সংসদ সদস্যের পদ চলে যাবে।