রাজধানীর কদমতলীতে তিন বছরের এক শিশুটি যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। এ ঘটনায় অভিযুক্ত কাজল (২০) পলাতক রয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
কদমতলী থানার উপপরিদশর্ক (এসআই) মো. ইমরুল হাসান জানান, কদমতলী আলম মার্কেট এলাকায় থাকে শিশুটির পরিবার। তার বাবা দিনমজুর ও মা গৃহিণী।
তিনি বলেন, সোমবার বেলা আড়াইটার দিকে শিশুটির মা-বাবা কেউই বাসায় ছিল না। তখন প্রতিবেশী সিএনজিচালিত অটোরিকশা চালক কাজল শিশুটিকে বাসায় একা পেয়ে যৌন নিপীড়ন চালায়।
আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে কাজলকে ধরে ফেলে ও মারধর করে। এর একপর্যায়ে কাজল কৌশলে সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এসআই আরও জানান, সন্ধ্যার দিকে এলাকাবাসী থানায় জানালে রাত ৮টার দিকে শিশুটিসহ তার পরিবারকে থানায় নিয়ে আসা হয়। এরপর শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
তিনি জানান, মামলার একমাত্র আসামি কাজল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।