রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে তখন হাড্ডাহাড্ডি লড়াই। চাপ না ধরে রাখতে পারছিলেন না র্যাঙ্গালুরুর ওপেনার অ্যারন ফিঞ্চ। ড্রেসিং রুমেই ভ্যাপিং করছিলেন তিনি। আর তা ধরা পড়ে বেরসিক ক্যামেরায়। তার ধূমপানের নেই ভিডিও এখন ভাইরাল!
শেষ দু ওভারের রান তাড়া করায় ডি ভিলিয়ার্সকে নিয়ে যত না কথা হয়েছে নেটিজেনরা তার চেয়ে বেশি কথা বলছেন ফিঞ্চের ধূমপান নিয়ে। তবে ভ্যাপিংয়ের সুবিধাটা হলো তাতে নিকোটিন থাকে না।
শনিবারের ওই ম্যাচে জয়দেব উনদকাটের শেষ ওভারের আগের ওভার যখন বল করছিলেন তখন তিনটি ছয় মারেন এবি ডিভিলিয়ার্স। শেষ ওভারে ৬ বলে ১০ রান প্রয়োজন ছিল আরসিবি’র।
ওই সময় রাজস্থানের অধিনায়ক স্টিভেন স্মিথ জোফ্রা আর্চারকে শেষ ওভার বল করার গুরুদায়িত্ব দিয়েছিলেন। ইংরেজ সিমার শুরুটা খুব ভালো করেন। সে সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্রেসিংরুমে কী অবস্থা দেখার জন্য ক্যামেরাপারসন ক্যামেরা তাক করেছিলেন। আর সেই সময়েই কেলেঙ্কারি। ধরা পড়ে অজি তারকা ক্রিকেটারের ধূমপানের ছবি।
ভিডিও কয়েক সেকেন্ডের। তাতে প্রথমে দেখা যাচ্ছে ফিঞ্চ ধোঁয়া ছাড়ছেন তারপরেই ইনহেল করছেন।
তবে ক্রিকেট ম্যাচ চলাকালীন ধূমপান করতে গিয়ে ধরা পড়েছেন এমন প্রথম ক্রিকেটার অবশ্য ফিঞ্চ নন। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ও কেকেআরের কোচ ব্র্যান্ডন ম্যাককালাম নিজেই স্বীকার করেছিলেন দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল চলাকালীন ধূমপান করেছিলেন।
এ ছাড়া বেন স্টোকস জানিয়েছিলেন ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে ফাইনালের সময় তিনি টয়লেটে গিয়ে ধূমপান করেছিলেন।