শুধু দেশিদের নিয়েই টি-টোয়েন্টি টুর্নামেন্ট

কোনো বিদেশি খেলোয়াড় ছাড়াই নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের জন্য এখনো ভালো কোন বিদেশি খেলোয়াড় পায়নি বিসিবি।

করোনা বিরতি কাটিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে ফিরেছে প্রতিযোগিতামূলক ক্রিকেট। এই আসর শেষে ৫ দলের টি-টোয়েন্টি আসর করার পরিকল্পনা আগেই জানিয়েছিল বিসিবি। যেখানে বিদেশি ক্রিকেটারও থাকার কথা।

এরই মধ্যে খেলোয়াড়দের খসড়া তালিকা করে ফেলেছেন নির্বাচকেরা। কিন্তু সেখানে কোনো বিদেশি নেই।

মূলত সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম বা মাহমুদল্লাহ রিয়াদের চেয়েও বড় বিদেশি তারকার সন্ধান করছিল বিসিবি। কিন্তু সেটা হয়নি।

বিসিবি গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমরা চাই বড় তারকা খেলতে আসুক। আমাদের সেরা খেলোয়াড় সাকিব, তামিম ও মুশফিকের চেয়ে কম তারকার খেলোয়াড়কে নিতে পারব না।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, ‘সত্যি কথা, আমরা এখনো বড় কোন তারকার নাম পাইনি। আমরা যদি এটি না পাই, তবে আমরা স্থানীয় খেলোয়াড়দের নিয়েই টুর্নামেন্টটি আয়োজন করব। যদি আমরা একই মানের কোনো আইকন খেলোয়াড় নিতে পারি যারা দলকে অনুপ্রাণিত করতে পারবে, একটি নাম বা খেলোয়াড়ে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারবে। আমরা এটি সম্পর্কে ভাবতে পারি।’

সুজন জানান, টি-টোয়েন্টি টুর্নামেন্টটি কীভাবে হতে পারে সে ব্যাপারে এখনো কোন পরিকল্পনা চূড়ান্ত করতে পারেনি বিসিবি। তবে এটি নিশ্চিত, দেশে ক্রিকেট ফিরিয়ে আনার ধারাবাহিকতার অংশ হিসাবে বোর্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে আয়োজন করবে।

দেশের ক্রিকেটের সাবেক এই অধিনায়ক ও বিসিবির অন্যতম পরিচালক বলেন, ‘এটি কর্পোরেট লিগ হবে কিনা তা আমরা জানি না। তবে আমরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবো, এটি অবশ্যই নিশ্চিত। বিসিবি সভাপতি এ বিষয়ে খোঁজ-খবর রাখছেন।’