নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা

নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৩৬ ফুটবলারকে ডাকা হয়েছে ক্যাম্পে।

১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রস্তুতি শুরু করবে ২৩ অক্টোবর।

স্কোয়াডে ডাক পাওয়া সবাই ছিলেন গত জুলাইয়ে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত দলে। করোনা প্রাদুর্ভাবের মাঝে যাদের নিয়ে গাজীপুরের একটি রিসোর্টে ক্যাম্পও শুরু করেছিল বাফুফে। ফুটবলারদের করোনা পরীক্ষা নিয়ে সেবার নাটক হয়েছিল অনেক। পরে অবশ্য বিশ্বকাপ বাছাই স্থগিত হয়ে যাওয়ায় ক্যাম্প বন্ধ ঘোষণা হয়।

প্রাথমিক দলে সর্বাধিক ১৪ ফুটবলার ডাক পেয়েছেন বসুন্ধরা কিংস থেকে। ৭জন করে আবাহনী লিমিটেড ও সাইফ স্পোর্টিং ক্লাব থেকে।

এছাড়া চট্টগ্রাম আবাহনীর ৩জন, শেখ রাসেল ও বাংলাদেশ পুলিশ এফসি থেকে ২জন করেন ডাক পেয়েছেন। উত্তর বারিধারা ক্লাব থেকে রয়েছেন একজন ফুটবলার। অর্থাৎ ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে নেই কোনো ফুটবলার।

৩৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান ও পাপ্পু হোসেন।

ডিফেন্ডার: তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত ও মনজুরুর রহমান মানিক।

মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, তারিক রায়হান কাজী, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, মোহাম্মদ আরিফুর রহমান, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও নাজমুল ইসলাম রাসেল।

ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মো. আবদুল্লাহ, ম্যাথিউজ বাবলু ও সুমন রেজা।