পাঁচ শ টাকা কেটে রাখায় চীনা নাগরিককে হত্যা

পিরোজপুরে বেকুটিয়ার কঁচা নদীতে নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে কর্মরত চিনের নাগরিক প্যান ইউয়ানজুন লাওফান (৫৮) হত্যার রহস্য উন্মোচন হয়েছে। টাকা ছিনতাই করার জন্যই তাকে ছুরিকাঘাত করা হয়েছিল বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লাওফান।

এ মামলার প্রধান আসামি হোসেন শেখ (১৯) এবং তার সহযোগী সাব্বির আহম্মেদ শেখকে (২০) গ্রেপ্তার করে তাদের কাছ থেকে এমন তথ্য জানতে পারে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ ।

ডিআইজি শফিক  বলেন , অধিক তদন্তের মাত্র ছয় দিনে আসামিদের গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তার সাব্বির শেখ নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কর্মরত একজন স্থানীয় শ্রমিক এবং হোসেন শেখ সাব্বিরের সুপারিশে গত মে মাসে সেতু প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ নেয়। হোসেনের কাজ ভালো না হওয়ায় তাকে মাত্র দুই সপ্তাহ পরে কাজ থেকে বাদ দেন চীনা নাগরিক প্যান ইউয়ানজুন। এ সময় হোসেন তার কাজের ব্যবহৃত হেলমেটটি নিয়ে যায়।

পুলিশ জানায়, পরবর্তী মাসে বেতন দেওয়ার সময় প্যান ইউয়ানজুন হেলমেট বাবদ পাঁচ শ টাকা কেটে রাখেন। এ ক্ষোভ থেকে চীনা নাগরিক প্যান ইউয়ানজুনের কাছ থেকে শ্রমিকদের বেতনের ছিনতাইয়ের পরিকল্পনা শুরু করে হোসেন ও সাব্বির। পরিকল্পনা অনুযায়ী ৭ অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউয়ানজুন শ্রমিকদের বেতন দিতে কয়েকটি ব্যাগে করে দুই লাখ তিপ্পান্ন হাজার দুই শ ত্রিশ টাকা নিয়ে বাইসাইকেলে করে মূল সেতুর দিকে যাচ্ছিল। পথে হোসেন শেখ টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে প্যান ইউয়ানজুন বাধা দেন। এ সময়  হোসেন তাকে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

পুলিশ ১২ অক্টোবর সেতু প্রকল্পে কর্মরত শ্রমিক সাব্বিরকে সন্দেহজনক হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সব ঘটনা তিনি পুলিশকে জানান। পুলিশ ওই দিন রাতেই হোসেনকে তার বাড়ি থেকে আটক করে। এ সময় তার খাটের নিচ থেকে ছিনতাইকৃত এক লাখ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে হোসেন সব দোষ স্বীকার করে রবিবার ১৯ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত ৭ অক্টোবর সন্ধ্যায় পিরোজপুরের কুমিরমারায় কচা নদীতে নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চায়না ব্যারাক থেকে শ্রমিকদের বেতনের টাকা নিয়ে সেতুর নির্মাণকাজের দিকে যাওয়ার পথে চীনা নাগরিক ও সেতুর প্রধান টেকনিশিয়ান প্যান ইউয়ানজুন ছুরিকাঘাতের আহত হন।  পরে সেতুর কর্মকর্তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে সেখানেই তিনি মারা যান।