করোনার বিস্তার রোধে এ বছর দুর্গাপূজার মণ্ডপে দর্শনার্থীদের না ঢোকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত কলকাতার প্রতিটি পূজামণ্ডপকে ‘নো এন্ট্রি জোন’ হিসেবে চিহ্নিত করেছে বলে জানিয়েছে এনডিটিভি।
পূজাসংশ্লিষ্ট ২৫ থেকে ৩০ জন মণ্ডপের ভেতর যেতে পারবেন বলে আদালতের ওই নির্দেশনায় জানানো হয়েছে। কিন্তু এরা কারা হবেন তাদের নাম ষষ্ঠীর আগেই মণ্ডপের বাইরে টাঙিয়ে দিতে হবে। কলকাতায় প্রতি বছর প্রায় ৩০ হাজার পূজামণ্ডপ হয়। প্রতিদিন লাখ লাখ মানুষ পূজা দেখতে যায়। বহু মণ্ডপে এরই মধ্যে ভিড় উপচে পড়তে শুরু করেছে। এই সময়ে হাইকোর্টের রায় সেই ভিড় অনেকটাই নিয়ন্ত্রণ আনতে পারবে। বিচারকরাও মানুষকে বলেন, এবার অনলাইনে পূজা দেখুন, রাস্তায় নেমে নয়।
এই নিয়ম যাতে মেনে চলা হয়, এজন্য রাজ্য সরকার ও পুলিশকে বিশেষ দায়িত্ব নিতে বলেছেন হাইকোর্ট। এ নিয়ম কতটা পালন হলো, পূজার পরে তা হলফনামা দিয়ে রাজ্য সরকারকে আদালতকে জানাতে হবে। করোনা পরিস্থিতির মধ্যেও কলকাতায় পূজার আয়োজন রমরমা। বাজারে তিল ধারণের জায়গা নেই, এত ভিড়। এক সপ্তাহ আগে থেকেই বড় বড় প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় শুরু হয়েছে। করোনা পরিস্থিতি উপেক্ষা করেই রাস্তায় নেমে পড়েছিল মানুষ। এরই জেরে আদালতের দ্বারস্থ হয়েছিল বেশকিছু সংগঠন এবং ব্যক্তি।