রাঙ্গামাটিতে পিসিপি নেতাকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতা রত্ন চাকমাকে (২০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রত্ন চাকমা জনসংহতি সমিতির (এমএন লারমা) সহযোগী সংগঠন পিসিপির বাঘাইছড়ি কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বাঘাইছড়ি উপজেলা জনসংহতি সমিতির (এমএন লারমা) সাধারণ সম্পাদক জ্যোতি চাকমা জানান, খেদারমারা ইউনিয়নে মঙ্গলবার তাদের সাংগঠনিক সভা ছিল। সেখানে যোগ দিতে যাওয়ার সময় বাবুপাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা রত্ন চাকমাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা এ হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।

তবে এ বিষয়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সঙ্গে যোগাযোগ করে কারও বক্তব্য পাওয়া যায়নি।

বাঘাইছড়ি থানার ওসি আশরাফ উদ্দিন জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।