বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, তার দল এবারের চ্যাম্পিয়ন্স লিগের আসরে ফেভারিট নয়। তবে লিওনেল মেসিরা অনেকদূর যেতে পারেন বলেই বিশ্বাস তার।
২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের লড়াই শুরু হচ্ছে মঙ্গলবার। প্রথমদিন মাঠে নামবে বার্সেলোনাও। প্রতিযোগিতাটিতে ‘জি’ গ্রুপে থাকা কোম্যানের দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে হাঙ্গেরির দল ফেরেন্সভারোসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচ।
এর আগে সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসরে ফেভারিটের প্রশ্নে নিজের অভিমত জানান কোম্যান। বলেন, ‘বার্সেলোনার হয়ে সবাই সবসময় ট্রফি জয়ের জন্য লড়াই করতে চায়, সেটা লা লিগায় হোক কিংবা ইউরোপে। চ্যাম্পিয়ন্স লিগে আমরা ফেভারিট নই, তবে অনেক দূর যেতে পারি।’
গত মৌসুমে লিসবনে এক লেগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় বার্সেলোনা। এর পরপরই কিকে সেতিয়েনকে সরিয়ে কোম্যানকে দায়িত্ব দেয় কাতালান ক্লাবটি।
বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ শিরোপা জিতেছিল ২০১৪-১৫ মৌসুমে। এবারও তাদের জন্য ট্রফি জয় করা সহজ হবে না। নিজেদের সময়টাও ভালো যাচ্ছে না। লা লিগায় নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে ড্র করেছে, অন্যটিতে হেরেছে বার্সা।