দীর্ঘদিন গানের জগতে কাজ করছেন সুরেলা কণ্ঠের শিল্পী হৈমন্তী রক্ষিত। দুর্গাপূজা উপলক্ষে দুটি নতুন গান নিয়ে হাজির হয়েছেন। তার সঙ্গে কথা বলেছেন রণ
প্রতি বছর পূজার গান...
২০১৮ সালে এসকে মুভিজের চ্যানেলে ‘বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা’ গানটি রিলিজের পর ব্যাপক সাড়া পাই। এর পরের বছর এসভিএফ একটি গানের প্রস্তাব করে, গত বছর সেটা করি। এবার করেছি
দুটি গান।
পূজার দুই গান...
এবার শুধু সলো গান ‘দুর্গতিনাশিনী’ করার পরিকল্পনা ছিল। কিন্তু গীতিকার প্রশান্ত মন্ডল প্রস্তাব করেন, উনার একটি পূজার গান রেডি আছে আমি যেন সেটা গাই। তিনি শর্ত দিলেন ২০১৮ সালে এসকে মুভিজের জন্য আমি আর আকাশ সেন যেভাবে গানটা করেছিলাম, এই গানটিও যেন আমরা সেভাবে করি। শেষ পর্যন্ত ‘পুজো এলো’ নামে গানটি করলাম। ‘দুর্গতিনাশিনী’ গানটি তিনদিন হলো রিলিজ হয়েছে কলকাতার বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে। সবাই এই গানের জন্য খুব অ্যাপ্রিসিয়েট করছেন। নবমীর রাতে (২৫ অক্টোবর) চ্যানেল আইয়ে পূজার যে অনুষ্ঠানটি হবে, সেখানে দুর্গতিনাশিনী গানটি গাইব। আর কলকাতার জনপ্রিয় শিল্পী আকাশ সেনের সঙ্গে ‘পুজো এলো’ শিরোনামে ডুয়েট একটি গান গেয়েছি। গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ ম-ল। সুর এবং সংগীতায়োজন করেছেন আপন খান এবং এমএমপি রনি। গানটির অ্যারেঞ্জমেন্ট দারুণ হয়েছে। গতকাল ডিপি মিউজিকের ইউটিউবে মুক্তি পেয়েছে গানটির মিউজিক ভিডিও।
প্লেব্যাক...
অনেকে ভাবে আমি কোনো রিয়েলিটি শো থেকে এসেছি। কিন্তু ছোটবেলায় নতুন কুঁড়িতে একাধিক পুরস্কার পাওয়ার পর আমি কোনো রিয়েলিটি শোতে অংশ নিইনি। কারণ ২০০৪ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘সাজঘর’ সিনেমাটিতে প্লেব্যাক শুরু করি। ২০০৬ থেকে যখন দেশে রিয়েলিটি শো শুরু হয় ততদিনে আমি পরিচিত প্লেব্যাক গায়িকা। ‘সাজঘর’-এর নায়ক ছিলেন মান্না। তিনি আমার গান পছন্দ করে মারা যাওয়ার আগ পর্যন্ত প্রায় সব সিনেমাতেই আমার গান রাখতেন। আমিও একজন প্লেব্যাক গায়িকা পরিচয়েই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। সর্বশেষ গেয়েছি ইমন সাহার সুর-সংগীতে বঙ্গবন্ধুকে নিয়ে একটি সিনেমায়। ডুয়েট গানটিতে আমার সহশিল্পী বাপ্পা মজুমদার। সিনেমাটির শ্যুটিং চলছে এখন।
করোনাকালে...
এই করোনাকালেও আমি গান বন্ধ করিনি। কোনো ব্রেক নিইনি। বেশ কয়েকটি গান করেছি এইসময়ে। এরমধ্যে আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য মৌলিক কিছু গান করলাম। কিছু গান আগে করা ছিল, সেগুলোর ভিডিও শ্যুট করলাম। বলা যায়, এই সময়ে নানা কারণে ব্যস্ততা আরও ডাবল হয়ে গেছে।