ইতিহাসে লেখা হলো অকল্যান্ডের মিডিয়াম পেসার বেন লিস্টারের নাম। ক্রিকেট ইতিহাসে প্রথম ‘কভিড বদলি’ খেলোয়াড় তিনি।
নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডের খেলা চলছে। সেখানেই ওটাগোর বিপক্ষে মার্ক চ্যাপম্যানের বদলি হিসেবে বেন লিস্টারকে খেলাচ্ছে অকল্যান্ড।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত জুনে টেস্ট ক্রিকেটে কভিড বদলির অনুমতি দেয় আইসিসি। এরপর থেকে ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও মানা হচ্ছে এই নিয়ম।
নিউজিল্যান্ডের হয়ে ৬ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলা চ্যাপম্যান সোমবার থেকে অসুস্থ। কভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে তার। অন্তত ফল না আসা পর্যন্ত বাঁহাতি এই ব্যাটসম্যানের বদলি হিসেবে খেলবেন পেসার লিস্টার। মঙ্গলবার টুইটারে এমনটাই জানায় অকল্যান্ড ক্রিকেট।
ওটাগোর বিপক্ষে অকল্যান্ডের ম্যাচটি শুরু হয়েছে মঙ্গলবার। প্রথম ইনিংসে বোলিং করে ‘কভিড বদলি’ হিসেবে নামা লিস্টার ৪০ রানে নিয়েছেন এক উইকেট।
করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এলে এই ম্যাচের একাদশে আবারো ঢুকতে পারবেন চ্যাপম্যান।