বগুড়ায় শিশু অপহরণ করে পালানোর সময় প্রাইভেটকারসহ আটক ৪

বগুড়ার গাবতলীতে সৌরভ নামে চার বছরের এক শিশুকে প্রাইভেটকারযোগে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন চার অপহরণকারী। এ সময় উত্তেজিত জনতা আটক চারজনকে বেদম মারধর করে অবরুদ্ধ করে রাখে।

এছাড়া এ অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি ব্যাপক ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে দেরি হওয়ার অভিযোগ তুলে জনতা পুলিশের ওপরও চড়াও হয়।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী উপজেলার পাঁচ মাইল নামকস্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকারসহ চারজনকে আটক করেছে। তারা হলেন- মিল্লাত হোসেন (৩০) রেজাউল করিম (২৪) আল-আমিন (২২) ও শরিফুল ইসলাম (২২)।

পুলিশ জানায়, গাবতলী উপজেলার মোদিপাড়া গ্রামের কৃষক সুজনের ছেলে সৌরভ বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় সাদা রঙের একটি প্রাইভেটকারে ওই চারজন সেখান থেকে শিশুটিকে তুলে নিয়ে বগুড়া শহরের দিকে রওনা হয়।

অপহরণের ঘটনাটি জানাজানি হলে গ্রামের লোকজন ধাওয়া করে এক কিলোমিটার দূরে পাঁচ মাইল নামক স্থানে প্রাইভেটকারটি আটক করে। এ সময় স্থানীয় লোকজন প্রাইভেটকার থেকে শিশুটিকে উদ্ধার এবং ৪ জন অপহরণকারীকে আটক করে।

এলাকার শত শত লোকজন আটক চারজনকে মারপিট করে আটকে রাখে।

এদিকে থানা-পুলিশ এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছালে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং পুলিশের ওপর চড়াও হয়। জনগণ আটক চারজনকে পুলিশের হাতে না দিয়ে গণপিটুনি দিতে উদ্যত হয়। পরে অতিরিক্ত পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং আটক চারজনকে থানায় নিয়ে যায়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, বিক্ষুব্ধ জনগণের হাতে আটক চারজনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই শিশুর পরিবারকে থানায় ডাকা হয়েছে। তারা মামলা দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।