সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করতে ব্যবসায়ী ও আড়ৎদারদের প্রতি ‘বিনীত অনুরোধ’ জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
বুধবার দুপুরে অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম-এআরএফ আয়োজিত এক ওয়েবিনারে যোগ দিয়ে তিনি এ অনুরোধ জানান।
কৃষিমন্ত্রী বলেন, ‘আলুর দাম ৩৫ টাকা... এটা অনেক দাম। বাস্তবতা বিবেচনা করে আমরা আরও পাঁচ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করে দিলাম। কিন্তু আলুর দাম ৫০ থেকে ৫৫ টাকা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।’
ব্যবসায়ী, আড়ৎদারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মুনাফা করেন, মুনাফা করার জন্যই ব্যবসা করছেন। কিন্তু এ সুযোগে রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করবেন না।’
‘মানুষের প্রতি কর্তব্যবোধ থেকে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা সরকারের নির্ধারিত দামে আলু বিক্রি করুন’ যোগ করেন কৃষিমন্ত্রী।
বাজার স্থিতিশীল রাখতে খুচরা বাজারে এক কেজি আলুর দাম ৩০ টাকায় বেঁধে দিয়ে তা কার্যকর করতে না পেরে পরে ৩৫ টাকা পুনর্নির্ধারণ করে দিয়েছে সরকার।
কৃষিমন্ত্রী আরও বলেন, এ বছর করোনাভাইরাস মহামারীতে হতদরিদ্র মানুষ ও রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা ত্রাণে বিপুল পরিমাণ আলু বিতরণ করায় ও বন্যার কারণে বীজতলা নষ্ট হওয়ায় আলু উৎপাদন ব্যাহত হয়েছে।