সাংবাদিকদের ফখরুল

আ.লীগের মনোনয়ন পেলেই আর কিছুর দরকার নেই

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলেই হয়ে গেল, আর তো কিছু দরকার নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তো এখন পোয়াবারো। নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে ঠেকানোর চেয়ে বড় বিষয় তাদের ঠেকানো। গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ভোটকেন্দ্রে ভোটারদের কম উপস্থিতির বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা সরকারের দায়িত্ব। তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন কমিশন ভোটকেন্দ্রে ভোটার যেতে উদ্বুদ্ধ করে। ভোটকেন্দ্রে ভোট দিয়ে জনগণ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য পাহারার ব্যবস্থা করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার তার উল্টোটা করছে। ভয়ভীতি প্রদর্শন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে প্রহসনের নির্বাচনের আয়োজন করছে তারা।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশ আজ গোয়েন্দাদের পর্যবেক্ষণের মধ্য দিয়ে চলছে। এই অবস্থা তৃণমূল পর্যায় পর্যন্ত চলে গেছে। সরকার ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা দিচ্ছে বলে প্রচার করা হচ্ছে। আসলে এগুলোর শতকরা ৯০ ভাগই ঋণ। অর্থাৎ লোন নেবেন লোনটাকে শোধ করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের নামে চলছে ধোঁকাবাজি। দুর্নীতি এখন সর্বজনীন হয়ে গেছে। সরকার বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করছে এসব প্রকল্পে যে করাপশন হচ্ছে সেটা কল্পনার বাইরে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘গার্মেন্টস সেক্টরের প্রবৃদ্ধি কমে গেছে। রেমিট্যান্স কমেছে। এ জায়গায় ধূম্রজাল সৃষ্টি করে প্রচার-প্রচারণা চালাচ্ছে। সেই প্রচারণা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। দেশ-বিদেশের পত্র-পত্রিকায়, মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ফুটে উঠেছে।’

কারাবন্দি সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন না হওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সরকার আইসিটি বা তথ্যপ্রযুক্তি আইনে মামলা দিয়ে মানুষের কণ্ঠরোধ করছে। সাংবাদিক কাজল এ কারণে জামিনে মুক্ত হতে পারছেন না। সংবাদমাধ্যমগুলোতে সরকার সেন্সরশিপ জারি করে সবকিছু নিয়ন্ত্রণ করছে। ফলে মুক্ত সাংবাদিকতা বলে কিছু নেই।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়া অবশ্যই গৃহবন্দি অবস্থায় রয়েছেন। তাকে মুক্ত করতে দেশে-বিদেশে জনমত তৈরিতে কাজ করছে বিএনপি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘তার ক্রিয়েটিভ আইডিয়া রয়েছে। তাকে বিএনপি পৃষ্ঠপোষকতা করে না। তবে সে সত্য কথা বলে। যে কেউ সত্য কথা বললে তাকে সমর্থন করা হয়। বিএনপি নয়, বরং সরকারই পৃষ্ঠপোষকতা করছে নুরকে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, বিএনপি নেতা আব্দুল হামিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন। পরে ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল।