লারার মতে কলকাতা দলের ভেতরে কোনো সমস্যা হচ্ছে

আইপিএলের এবারের আসরে একেবারেই দর্শকদের প্রত্যাশা মেটাতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। বুধবার তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেটে মাত্র ৮৪ রান করতে পেরেছিল। শেষ পর্যন্ত ম্যাচ হারে ৮ উইকেটে।

টেবিলে এখন চতুর্থ স্থানে থাকলেও নেট রানরেট ভালো নয় দলটির। তার ওপর দলের সার্বিক যে পারফরম্যান্স তাতে প্লে-অফ খেলা নিয়ে শঙ্কা আছে যথেষ্ট। এ অবস্থায় ব্রায়ান লারা মনে করেন কলকাতা দলে কোনো একটা সমস্যা রয়েছে।

ক্যারিবিয়ান কিংবদন্তি লারা বর্তমানে ব্যস্ত আইপিএলের অফিশিয়াল ব্রডকাস্টারদের হয়ে ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে। মুম্বাইয়ে এই মুহূর্তে তাদের স্টুডিওতে ব্যস্ত তিনি।

কলকাতাকে নিয়ে বলতে গিয়ে লারা বলেছেন, দলটির নানা অগোছালো চিত্র তার মোটেও ভালো লাগছে না। এর মধ্যে অধিনায়ক দিনেশ কার্তিককে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। নতুন অধিনায়ক হয়েছেন ওয়েন মরগান। সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে ভারতীয় বোর্ডের ছাড়পত্র পেলেও এখনো পর্যন্ত তাকে ছাড়াই খেলেছে কলকাতা। এরমধ্যে চোটের কবলে পড়েছেন আন্দ্রে রাসেল। ব্যাট-বল হাতে কয়েকজন ছাড়া বাকিদের পারফরম্যান্স একেবারে শোচনীয়। সব মিলিয়ে বেশ বেকায়দায় কলকাতা।

নারিনকে বসিয়ে রাখাটা মোটেও ভালো লাগছে না বলে জানিয়েছেন লারা। এ ছাড়া মাঝ পথে অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে বলেন, ‘কলকাতার সমস্যা কখনই অধিনায়কত্ব ছিল না। আমার মনে হয়, তারা নিজেদের উপর অহেতুক চাপ তৈরি করছে। ওদের ভিতরে ভিতরে কিছু একটা হচ্ছে, যা হওয়াটা উচিত নয়।’

‘রাসেলকে রান পেতে হবে। যে কেউই দলের অধিনায়কত্ব করতে পারবেন, তবে ওর রান পাওয়াটা ভীষণ জরুরি।’- বলেন লারা।