মাহমুদউল্লাহ-নাজমুল একাদশের ফাইনাল রোববার

নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ মধ্যকার বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনালের সূচিতে পরিবর্তন এসেছে। আগামী রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী শুক্রবার ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু আগামী ৭২ ঘণ্টা বৈরী আবহাওয়ার পূর্বাভাসে ফাইনালের তারিখ পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। শিরোপা নির্ধারণী ম্যাচটি বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন ম্যাচটি সরাসরি দেখাবে।

তিন দলের টুর্নামেন্টে লিগ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠে নাজমুল একাদশ। লিগ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় ও একটি হারের স্বাদ পেয়েছে নাজমুল একাদশ।

অন্যদিকে, মাহমুদউল্লাহ একাদশ দু’টি ম্যাচে জয় পায়। টুর্নামেন্টের আরেক দল তামিম একাদশ হতাশাজনক পারফরমেন্স করে। চার ম্যাচে মাত্র একটি ম্যাচে জয় পায় তারা। বিদায় নিতে হয় লিগ পর্ব থেকেই।

ফাইনালে ফেবারিট নাজমুল একাদশ। কারণ লিগ পর্বে দু’বার মাহমুদউল্লাহ একাদশ থেকে হারিয়েছে নাজমুল একাদশ।