শেখ হাসিনা মেডিকেল কলেজ

ক্রয় দুর্নীতিতে অভিযুক্তদের জামিন বাতিল দাবি

যন্ত্রপাতি ও বই কেনার প্রকল্পে প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবু সুফিয়ানসহ অন্য অভিযুক্তদের জামিন বাতিল করে গ্রেপ্তার এবং ক্রয় কমিটির সদস্যদের মামলায় সম্পৃক্ত করার দাবিতে হবিগঞ্জে মানববন্ধন পালিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ। এতে বিভিন্ন পেশার নাগরিকরা অংশ নেন।

সংগঠনটির সমন্বয়ক পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির ক্ষেত্রে আলোচিত এ মামলাটি নিয়ে দুদকও নাটক শুরু করেছে।

তারা আরও বলেন, দুদকের করা দুটি মামলাতেই ক্রয় কমিটির সদস্যদের বাদ দিয়ে শুধু অধ্যক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অবিলম্বে ক্রয় কমিটির সদস্যদের মামলায় সম্পৃক্ত করে পুনরায় মামলা করার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ও বৃন্দাবন সরকারি কলেজের সাবেক ভিপি আবু হেনা মোস্তফা কামাল, সংক্ষুব্ধ নাগরিক কমিটির সমন্বয়কারী ও বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াসিন খান, বাসদ নেতা জুনায়েদ আহমদ, রণধীর দাশ প্রমুখ।