ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল চলাকালীন সময়ে জুয়া রোধে ফেনীর পরশুরামে ক্যাবল নেটওয়ার্ক (ডিস) বন্ধের ঘোষণা দিয়েছেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
মেয়রের এ ঘোষণা অভিভাবকসহ সচেতন মহলে প্রশংসা কুড়িয়েছে। অবশ্য সাধারণ দর্শক ও ক্রীড়ামোদী অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জানা গেছে, আইপিএল খেলা দেখার জন্য শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারের চায়ের দোকানে, হোটেল-রেস্তোরাঁয় বিভিন্ন বয়সের ও শ্রেণি-পেশার মানুষ ভিড় জমান। এ সুযোগে কিছু মানুষ আইপিএলের চার-ছক্কার জুয়ায় মেতে উঠে। এতে অনেকে সর্বস্বান্ত হন।
প্রতিবারের মতো আইপিএল চলাকালীন সময়ে জুয়ার মহোৎসব থামাতে এবার খেলা চলাকালীন সময়ে পৌরসভা ও উপজেলার তিন ইউনিয়নে ক্যাবল নেটওয়ার্ক বন্ধের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন সাজেল চৌধুরী।
তিনি বলেন, খেলা চলাকালীন সময়ে কিশোর-যুবকরা যাতে বাসা-বাড়ির বাইরে বের না হয় দা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডিস সংযোগ বন্ধ রাখা হবে। এছাড়া প্রতিটি এলাকায় আড্ডা ঠেকাতে টিম করে দেওয়া হয়েছে। তারা খেলা চলাকালীন সময়ে তদারকিতে থাকবে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াছিন শরীফ মজুমদার জানান, জুয়া ও নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। এজন্য আইপিএল খেলা চলাকালীন সময়ে ডিস বন্ধের সিদ্ধান্ত সাধুবাদ জানাই।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত হোসেন জানান, জুয়ার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে পুলিশ অভিযান পরিচালনা করবে। পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে বলেও জানান তিনি।
এদিকে পৌর মেয়রের এ সিদ্ধান্ত নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করছেন। তাদের মতে, ডিস লাইন বন্ধ করে দেওয়া হলে বাসা-বাড়িতে সাধারণ দর্শকরা অন্য অনুষ্ঠান থেকে বঞ্চিত হবেন।
জুয়াড়িদের জন্য ক্রীড়ামোদীদের খেলা দেখা থেকে বঞ্চিত হওয়া অযৌক্তিক বলেও তারা মন্তব্য করেন।