আলির সঙ্গে বিয়ে নিয়ে রিচা চাড্ডা
বলিউড অভিনেতা আলি ফজলের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছেন রিচা চাড্ডা। সম্পর্ক নিয়ে বরাবরই স্পষ্টবাদী ও সাহসী এই অভিনেত্রী। লুকোছাপা না করে শুরু থেকেই আলির সঙ্গে তার সম্পর্কের বিষয় জানান দিয়ে আসছেন।
সম্প্রতি ভারতে একটি নামি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিজ্ঞাপনটি দেখে হিন্দু-মুসলমান দুই আলাদা সম্প্রদায়ের বিয়ে নিয়ে ‘লাভ জিহাদ’ প্রসঙ্গ টেনেছেন কেউ কেউ। বাধ্য হয়ে বিজ্ঞাপনটি বন্ধও করে দিয়েছে ওই গয়না সংস্থা।
ওই প্রসঙ্গ টেনে রিচা চাড্ডা তার সঙ্গে আলি ফজলের সম্পর্কের বিষয়টি তুলে ধরেছেন। বলেছেন, ‘আমার জীবনটাও কিন্তু ওই বিজ্ঞাপনের মতো। আলির পরিবারের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। এ জন্য ওই প্রেমহীন মানুষগুলোর জন্য খারাপ লাগে, যারা অন্যের বিবাহিত সম্পকের্র দোষ ধরে।’
গত এপ্রিলে বিয়ে হওয়ার কথা ছিল আলি ও রিচার। কিন্তু অতিমহামারী করোনার জন্য সেই পরিকল্পনা বাতিল হয়। এর মধ্যে আবার আলির মা মারা যান। আগামী বছর গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন তারা। রিচার কথা, ‘এই পরিস্থিতিতে ঝুঁকি নেওয়া ঠিক নয়। বাজারে ভ্যাকসিন আসার পরেই বিয়ের মতো অনুষ্ঠান করা উচিত।’