আইপিএল জুয়া ঠেকাতে ফেনীতে কেবল টিভি নেটওয়ার্ক বন্ধ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালে জুয়া রোধে ফেনীর পরশুরামে কেবল টিভি নেটওয়ার্ক বন্ধের ঘোষণা দিয়েছেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। গত বৃহস্পতিবার বিকেলে পরশুরাম পৌরসভা চত্বরে দেওয়া তার এ ঘোষণা অভিভাবকসহ সচেতন মহলে প্রশংসা কুড়িয়েছে। অবশ্য সাধারণ দর্শক ও ক্রীড়ামোদী অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

জানা গেছে, আইপিএল খেলা দেখার জন্য শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারের চায়ের দোকানে, হোটেল-রেস্তোরাঁয় বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন। এ সুবাদে সীমান্তবর্তী উপজেলা সদর ও গ্রামীণ হাট-বাজারে কিছু মানুষ আইপিএলের চার-ছক্কার জুয়ায় মেতে ওঠে। বলের উইকেট ও ব্যাটের রানে অনেকে সর্বস্বান্ত হন। আইপিএল ঘিরে এ জুয়া বন্ধে খেলা চলাকালীন পৌরসভা ও উপজেলার তিন ইউনিয়নে কেকেবল টিভি নেটওয়ার্ক (ডিশ) বন্ধ রাখার জন্য মেয়রের নামে মাইকিং করা হয়েছে।

পৌরসভার মেয়র জানান, খেলা চলাকালে কিশোর-যুবকরা যাতে বাসাবাড়ির বাইরে বের না হয় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডিশ সংযোগ বন্ধ রাখা হবে। এছাড়া প্রতিটি এলাকায় আড্ডা ঠেকাতে টিম করে দেওয়া হয়েছে। তারা খেলা চলাকালে তদারকিতে থাকবে।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াছিন শরীফ মজুমদার জানান, জুয়া ও নেশার কবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। এজন্য আইপিএল খেলা চলাকালীন ডিশলাইন বন্ধের সিদ্ধান্ত সাধুবাদ জানাই।

পরশুরাম মডেল থানার ওসি মো. শওকত হোসেন জানান, জুয়ার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে পুলিশ অভিযান পরিচালনা করবে। পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

এদিকে পৌর মেয়রের এ সিদ্ধান্ত নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করছেন। তারা বলছেন, ডিশলাইন বন্ধ করে দেওয়া হলে বাসাবাড়িতে সাধারণ দর্শকরা অন্য অনুষ্ঠান থেকে বঞ্চিত হবেন। জুয়াড়িদের জন্য ক্রীড়ামোদীরা খেলা দেখা থেকে বঞ্চিত হওয়া অযৌক্তিক বলে তারা মন্তব্য করেন।