পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া প্রান্তে গতকাল শুক্রবার দিনভর যানবাহনের চাপ ছিল। বিকেল ৫টা পর্যন্ত সাত শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল। তবে কর্তৃপক্ষের দাবি যানবাহনের চাপ দুপুরের তুলনায় কমে এসেছে।

শুক্রবারসহ সাপ্তাহিক ছুটির দিনে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বাড়ে। এর ওপর দুর্গাপূজা, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাড়তি যানবাহনের দীর্ঘ সারি পড়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, শুক্রবার সারা দিন পাটুরিয়া ঘাটে বাড়তি যানবাহনের চাপ ছিল। ৭-৮ ঘণ্টা অপেক্ষা করে ফেরিতে উঠতে হয়েছে যানবাহনগুলোকে। ছোট-বড় মিলে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় কমে আসতে শুরু করেছে অপেক্ষারত যানবাহনের সংখ্যা। শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত পাটুরিয়ার দুই টার্মিনালে চার শতাধিক পণ্যবাহী ট্রাক, দুই শতাধিক প্রাইভেটকার ও শতাধিক যাত্রীবাহী বাস ফেরি পারাপারের অপেক্ষায় ছিল। এর বাইরেও শিবালয় থানা পুলিশ দিয়ে উথলি সংযোগ মোড়েও যানবাহন আটকে রাখা হয়েছে।