চন্ডীপাঠ, বোধন ও দেবীর অধিবাসের মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। গতকাল ছিল মহাসপ্তমী। এ দিন দুপুরে করোনা মুক্তির জন্য মন্ডপে মন্ডপে বিশেষ প্রার্থনা করা হয়। ষষ্ঠীর দিন দেবী আসনে আসীন হয়েছেন। এবার দেবী এসেছেন দোলায়, আর যাবেন হাতিতে চড়ে। আজ মহাষ্টমীতে করোনা সংক্রমণ পরিস্থিতির কথা বিবেচনা করে ঢাকায় কোনো ম-পে কুমারীপূজা উদযাপন করা হচ্ছে না। তবে ঢাকার বাইরে কয়েকটি জায়গায় কুমারীপূজা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত।
মহাসপ্তমীর সকালে নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজার মাধ্যমে শুরু হয় পূজা। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেন। করোনা মহামারীর কারণে এবার অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরাসরি টেলিভিশনে ও ফেইসবুকে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহ্বানে এবার ভক্তরা বাসায় বসেই অঞ্জলি দেন দেবী দূর্গাকে। এদিন দুপুর ১২টা ১ মিনিটে মন্ডপে মন্ডপে করোনা মুক্তি এবং দেশ-জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
আজ অষ্টমী পূজার দিন। সকাল ১০টা ৪৫ মিনিটে মায়ের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্রচার করবে কয়েকটি টেলিভিশন চ্যানেল। একই সময়ে মহানগর সার্বজনীন পূজা কমিটি, শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির নামের ফেইসবুক পেজ থেকে মায়ের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্রচার করা হবে। বাড়িতে বসেই এবার ভক্তদের মায়ের চরণে অঞ্জলি দেওয়ার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে।
আজ সকাল ৫টা ১৬ মিনিটের মধ্যে দুর্গা দেবীর মহাষ্টম্যাদিবিহিত পূজা প্রশস্তা ও মহাষ্টমীর ব্রতবাস শুরু হবে। সকাল ৬টা ৩৫ থেকে ৭টা ২৩ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। মহাষ্টমীর মূল আকর্ষণ ঢাকার রামকৃষ্ণ মিশনসহ অন্যান্য স্থানে এবার কুমারীপূজা হবে না।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি গণমাধ্যমকে বলেন, ‘অষ্টমী ও নবমী পূজার দিন সকাল ১০টা ৪৫ মিনিটে মায়ের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্রচার করবে কয়েকটি টেলিভিশন চ্যানেল। একই সময়ে মহানগর সার্বজনীন পূজা কমিটি, শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির নামের ফেইসবুক পেজ থেকে মায়ের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্রচার করা হবে। বাড়িতে বসেই এবার ভক্তরা মায়ের চরণে অঞ্জলি দেবেন বলে জানান তিনি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত বলেন, ‘করোনা সংক্রমণ পরিস্থিতির কথা বিবেচনা করে এ বছর ঢাকায় কোনো মন্ডপে কুমারীপূজা উদযাপন করা হচ্ছে না। তবে ঢাকার বাইরে কয়েকটি জায়গায় কুমারীপূজা হতে পারে।