রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনে বড় মসজিদের পাশে ছুরিকাঘাতে রিপন (২৬) নামে এক তরুণ নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, রাত ১১টার দিকে এক নারী রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রিপনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার নাম ছাড়া বিস্তারিত আর কিছুই বলতে পারেননি ওই নারী। মিরপুর বড় মসজিদের সামনে দুর্বৃত্তরা রিপনকে ছুরিকাঘাত করেছে বলে জানান তিনি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, ঢাকা মেডিকেল থেকে ঘটনার সংবাদ পেয়েছি। বিস্তারিত জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।