প্রধানমন্ত্রীর ভাবনায় পরবর্তী নির্বাচন নয়, পরবর্তী প্রজন্ম: সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবনায় পরবর্তী নির্বাচন নয়, তার ভাবনায় পরবর্তী প্রজন্ম।

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শনিবার ‘রোড সেফটি কোলাবোরেশন, রিডিউসিং রোড ফ্যাটালিটিজ ফিফটি পারসেন্ট বাই টুয়েন্টি থার্টি’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার স্বপ্ন সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ। তার ভাবনায় দেশ ও জনগণের সুরক্ষা। একশ’ বছর পর বাংলাদেশ কেমন হবে সেজন্য প্রণয়ন করেছেন শতবর্ষী ডেল্টা প্ল্যান। এটাই শেখ হাসিনার নেতৃত্বে বিশেষত্ব। তার দৃষ্টি সম্ভাবনার দূরদিগন্তে।

এ সময় আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন আসবে জানিয়ে তিনি বলেন, নিরাপদ ও ভ্রমণ বান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার।

সেতুমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন অভিষ্ট্য-এসডিজি অনুযায়ী সড়ক দুর্ঘটনা ৫০ ভাগ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে এবং জাতিসংঘ ঘোষিত দ্বিতীয়বারের মতো ডিকেড অব অ্যাকশন ফর রোড সেফটির লক্ষ্যমাত্রা অর্জনে আইনগত কাঠামো শক্তিশালী করা হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক এবং দেশীয় আইনগত কাঠামোর সঙ্গে সমন্বয় করে ন্যাশনাল রোড সেফটি স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার মহিলা গাড়ি চালক তৈরির সুযোগ বাড়াচ্ছে। গাড়ি চালনায় পুরুষদের তুলনায় নারীরা অধিক সাবধানী এবং ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সরকার অধিকসংখ্যায় নারী চালকের সংখ্যা বাড়াতে চায়।

এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিশ্ব ব্যাংকের অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর ফর বাংলাদেশ অ্যান্ড ভুটান মিজ দান্দান চেন, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্র্যাক রোড সেফটি প্রোগ্রাম পরিচালক আহমেদ নাজমুল হোসেইন, বিশ্বব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট দীপন বোস প্রমুখ উপস্থিত ছিলেন।