আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য লন্ডন যাওয়া পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দেশে ফেরাতে চান প্রধানমন্ত্রী ইমরান খান।
নওয়াজকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে ইমরান খান জানান। প্রয়োজনে যুক্তরাজ্যে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও কথা বলতেও প্রস্তুত তিনি।
পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দ্য ডন জানায়, শুক্রবার পাকিস্তানের সম্প্রচারমাধ্যম এআরওয়াই-কে এক দীর্ঘ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইমরান।
দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে কারাভোগের সময় অসুস্থ হয়ে পড়ায় আদালতের অনুমতি নিয়ে ২০১৯ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান নওয়াজ শরিফ।
পাকিস্তানে ফিরতে আট সপ্তাহ সময় দেয়া হলেও স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি ফিরতে ব্যর্থ হন। তবে সম্প্রতি ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনে সরব হয়ে উঠেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তাদের (যুক্তরাজ্য) কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাকে ফিরে আমরা পূর্ণ উদ্যমে কাজ করছি। আমি যদি টিকে থাকি তাহলে আমি যাবো আর বরিস জনসনের সঙ্গে কথা বলব।’
ইমরান খানের দাবি, নিজের অসুস্থতা নিয়ে মিথ্যা বলেছেন নওয়াজ শরিফ। যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি পাওয়ার পর তিনি কোনো চিকিৎসার মধ্য দিয়েও যাননি।
নওয়াজ শরিফকে বিদেশে যেতে দেওয়ার বিষয়ে অনুতাপ প্রকাশ করে ইমরান বলেন, ‘আমার বোঝা উচিত ছিল তিনি সারা জীবনই মিথ্যা বলেছেন।‘
এদিকে সরকার বিরোধী আন্দোলনে সরব হওয়ায় নওয়াজসহ তার পরিবারের একাধিক সদস্য ও দলীয় নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পাকিস্তান সরকার। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন নওয়াজের ভাই শাহবাজ শরিফ এবং জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ সফদার।