ছাত্রীকে উত্ত্যক্ত করায় ২ যুবকের কারাদন্ড

নোয়াখালীর হাতিয়ায় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় ইলিয়াছ হোসেন (২৭) নামের এক যুবককে এক বছর এবং আলতাফ হোসেনকে (২৬) ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বেলা ১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন এ দন্ডাদেশ দেন। 

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চরকিং ইউনিয়নের আলেম শ্রেণির ওই ছাত্রীকে (১৮) মাদ্রাসায় যাওয়া-আসার পথে ইলিয়াছ ও আলতাফ প্রায়ই উত্ত্যক্ত করত। ওই ছাত্রীর বিয়ে ঠিক হলে হবু স্বামীকে আপত্তিকর কথা বলে। এ ঘটনায় ওই ছাত্রী ও তার পরিবার ইউএনওর কাছে অভিযোগ দেন। গতকাল দুপুরে পুলিশ অভিযুক্তদের হাতিয়া বাজার এলাকা থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।