স্পিডবোটডুবিতে নিখোঁজ ৫ জনের লাশ উদ্ধার

প্রায় ৩৬ ঘণ্টা পর পটুয়াখালীর রাঙ্গাবালীর আগুনমুখা নদীতে স্পিডবোটডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে আগুনমুখা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে লাশগুলো উদ্ধার করে কোস্টগার্ড ও স্থানীয়রা।

নিহতরা হলেনরাঙ্গাবালী থানার পুলিশ কনস্টেবল মহিবুল্লাহ (৪৫), কৃষি ব্যাংক বাহেরচর শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমান (৩৫), আশা ব্যাংকের খালগোড়া শাখার লোন অফিসার কবির হোসেন (৩১), এলজিইডির নির্মাণকাজে আসা শ্রমিক হাসান মিয়া (৩০) ও ইমরান (৩২)। মহিবুল্লাহ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জিরাইন গ্রামের মৃত রহমান হকের ছেলে, মোস্তাফিজুর পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের আব্দুল সালাম হাওলাদারের ছেলে, কবির বাউফল উপজেলার আজিজ সিকদারের ছেলে, হাসান পটুয়াখালী সদরের ছোট আউলিয়াপুর গ্রামের আবদুর রহিম হাওলাদারের ছেলে ও ইমরান বাউফল উপজেলার জয়গোড়া গ্রামের মৃত আলম হাওলাদারের ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি স্পিডবোট রাঙ্গাবালীর কোড়ালিয়া থেকে গলাচিপার পানপট্টির উদ্দেশে ছেড়ে যায়। পথে ঢেউয়ের তোড়ে ১৮ যাত্রী নিয়ে আগুনমুখা নদীতে ডুবে যায় সেটি। এ সময় সাঁতারে ও স্থানীয়দের সহযোগিতায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন ওই পাঁচজন।