বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে টানা দুই ম্যাচে হারায় বেশ সমালোচনার মধ্যে ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। কিন্তু ক্লাসিকো জেতার পর সেসব সমালোচকদের মুখে যেন কুলুপ এঁটে দিলেন তিনি।
ক্যাম্প ন্যুতে শনিবার রাতে চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে স্বাগতিক বার্সেলোনাকে ৩-১ গোলে হারায় রিয়াল। একটি করে গোল করে দলের জয়ে অবদান রাখেন ফেদেরিকো ভালভেরদে, সের্হিও রামোস ও লুকা মড্রিচ।
চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল। অথচ ম্যাচটির আগে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি। লা লিগায় পুঁচকে কাদিসের কাছে ১-০ গোলে ও চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের কাছে ৩-২ গোলে হারে তারা।
বার্সেলোনাকে হারিয়ে সমালোচকদের ভালো জবাব দিতে পারা গেল কি-না সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে রিয়াল কোচ জিদান বলেন, “তাদের মুখ বন্ধ করার জন্য আমরা এখানে আসিনি।”
“আমরা আমাদের কাজ করে যাই, আমরা যা করি তাতে আমাদের বিশ্বাস আছে। আমরা তাই করেছি। একটি দল হয়ে আমরা ম্যাচটা জিতেছি। আমি দলটি নিয়ে গর্বিত।”