চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা এলাকায় ছিনতাই করার সময় কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক হয়েছে। শনিবার রাতে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ৮ কিশোর শনিবার রাত ১০ টার দিকে সুন্দরপুর-বাগডাঙ্গায় ধারালো অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ঘিরে ছিনতাইয়ের চেষ্টা করে। ওই ব্যক্তির চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তিনজনকে ধরে ফেলে। বাকি ৫ জন পালিয়ে যায়। স্থানীয়দের খবরের প্রেক্ষিতে পুলিশ রাত ২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি জানান, কিশোর হওয়ায় তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।