স্কোর বোর্ডে বড় রান তুলেও ম্যাচ হারতে হল মুম্বাই ইন্ডিয়ান্সকে। আসলে হার মানল বেন স্টোকসের কাছে। দারুণ এক সেঞ্চুরিতে রাজস্থান রয়্যালসকে জয় উপহার দিলেন ইংলিশ অলরাউন্ডার।
রবিবার আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ১৯৬ রান তাড়া করে ৮ উইকেটে জিতেছে রাজস্থান।
আবুধাবিতে প্রথমে ব্যাট করে মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান তোলে। হার্দিক পান্ডিয়া ২১ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ২টি চার ও ৭টি ছক্কা হাঁকান তিনি।
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ১৮.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। স্টোকস ৬০ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন। ১৪টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান তিনি। স্যামসন অপরাজিত থাকেন ৩১ বলে ৫৪ রান করে। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান।
মুম্বাইয়ের হয়ে পান্ডিয়া ছাড়াও রান পেয়েছেন ইশান কিষাণ (৩৭), সূর্যকুমার যাদব (৪০) ও সৌরভ তিওয়ারি (৩৪)। রাজস্থানের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন আর্চার ও গোপাল। ম্যাচের সেরা হয়েছেন স্টোকস।