দুর্গাপুরে ব্যাটারি চালিত অটো চাপায় শিশু নিহত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ব্যাটারি চালিত অটো চাপায় এক ছয় বছরের শিশু নিহত ও আরেক শিশু গুরুতর আহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া-শিবগঞ্জ সড়কের পৌর এলাকার খুজিউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত সাইফুলকে (১২) মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় চালক ভেন্নাকান্দা চৌরাস্তা এলাকার আ. কুদ্দুছের ছেলে মামুনকে (২০) অটো সহ আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

নিহত শিশু জুমান (৮) খুজিউড়া গ্রামের মোবারক মিয়ার ছেলে। নিহত শিশু খুজিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ট্রলার (ইঞ্জিন চালিত এক ধরনের নৌকা) চালক। গুরুতর আহত অপর শিশু সাইফুল উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শাহপুর কৃষ্টপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে দিকে পাঁচ যাত্রী নিয়ে গাঁওকান্দিয়া এলাকা থেকে ব্যাটারি চালিত অটোটি শিবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। গাঁওকান্দিয়া-শিবগঞ্জ রাস্তায় পৌর এলাকার খুজিউড়া নামক স্থানে অটোটি পৌঁছালে জুমান রাস্তা পার হওয়ার সময় অটোর নিচে চাপা পরে। এ সময় অটোটি উল্টে যায়। এতে সাইফুল নামে এক আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা জুমান ও সাইফুলকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুমানকে মৃত ঘোষণা করেন। আর সাইফুলকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দুর্গাপুর থানার পরিদর্শক মীর মাহবুব এ ঘটনার সত্যতা দেশ রূপান্তরকে নিশ্চিত করে বলেন, জুমানের মৃতদেহটি হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের বাবা ট্রলার চালককে খবর দেওয়া হয়েছে। নিহতের পরিবারের সম্মতিতে মৃতদেহটি ময়নাতদন্তর জন্য মর্গে প্রেরণ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গুরুতর আহত সাইফুলের অবস্থা শঙ্কামুক্ত বলে জানতে পেরেছি।

অটোসহ চালক মামুনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।