উপাচার্যের অপসারণ দাবি

রাবিতে পুলিশের ধাওয়ায় ছাত্রদলের মিছিল পন্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের অপসারণের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ধাওয়া দিয়েছে পুলিশ। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখান থেকে ছাত্রদলের এক নেতাকে আটক করে পুলিশ। তার নাম রফিকুল ইসলাম পাখি। তিনি নগরীর মতিহার থানা (উত্তর) ছাত্রদলের আহ্বায়ক।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্তে রাবি উপাচার্য আবদুস সোবহানসহ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল সোমবার সকালে তাদের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি কাজলা এলাকায় পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দিলে মিছিলটি ছাত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম পাখিকে পুলিশ আটক করে।

মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, পুলিশের গাড়ি দেখে পালানোর সময় তার আচরণ সন্দেহজনক মনে হয়েছে। তাই আটক করা হয়েছে। মতিহার জোনের সহকারী কমিশনার হাফিজুর রহমান জানান, তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কোনো মামলা না থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে।