জুভেন্তাসের ড্র আর্সেনালের হার

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া সিরি আ’তে টানা দ্বিতীয় ম্যাচ ড্র করল জুভেন্তাস। রবিবার রাতে ভেরোনার সঙ্গে বদলি খেলোয়াড় ডেইয়ান কুলুসেভস্কির গোলে ১-১-এ ড্র করেছে গত ৯ বারের চ্যাম্পিয়নরা।

জুভেন্তাসের মাঠে ১৬ মিনিটেই এগিয়ে যাওয়ার উল্লাসে মেতেছিল অতিথি ভেরোনা। জালে বল পাঠিয়েছিলেন এব্রিমা কোলে, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। ৪১ মিনিটে জুভেন্তাসের হুয়ান কুয়াদ্রাদোর শট পোস্টে লাগে। শেষ পর্যন্ত ৬০ মিনিটে মিডফিল্ডার মাত্তিয়ার পাস থেকে গোল করে আন্দ্রেয়া ফাভিল্লি এগিয়ে দেন ভেরোনাকে। হারের শঙ্কায় থাকা জুভদের পথে ফেরান ৬১ মিনিটে বদলি হিসেবে নামা কুলুসেভস্কি। ৭৭ মিনিটে মোরাতার পাস থেকে গোল করেন এই সুইডিশ মিডফিল্ডার।

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের মাঠে জিতলেও  লিগে একদমই ছন্দে নেই জুভেন্তাস। তবুও দলটির কোচ আন্দ্রেয়া পিরলো এখনো খেলোয়াড়দের সঙ্গে শক্ত অবস্থানে যাচ্ছেন না। তিনি বলেন, ‘প্রথমার্ধে মিডফিল্ডে আমরা আগ্রাসী ছিলাম না তারপরও বেশ কিছু ভালো সুযোগ পেয়েছি। তারা গোল করার পর দল আরও ভালো করেছে। তবে তার মানে এই নয় যে আমাদের জাগিয়ে তুলতে থাপ্পড় (পড়ুন গোল হজম) প্রয়োজন।’ ৫ ম্যাচে ৯ পয়েন্টে পাঁচে আছে জুভেন্তাস। সিরি আ-তে এখন পর্যন্ত ৫ ম্যাচের দুটিতে জিতেছে জুভেন্তাস। নাপোলির বিপক্ষে তারা জয়টা পেয়েছিল না খেলেই। করোনা প্রটোকলের কারণে জুভেন্তাসের মাঠে আসতে পারেনি নাপোলি, পরে কর্র্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ৩-০ গোলের জয় পায় পিরলোর দল। সেই নাপোলি রবিবার ২-১ গোলে বেনেভেনতোকে হারিয়ে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।

এই অবস্থায় চ্যাম্পিয়নস লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল বুধবার বার্সেলোনার বিপক্ষে খেলবে জুভেন্তাস। কাতালানদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশা করছেন কোচ আন্দ্রেয়া পিরলো, ‘বার্সেলোনা ম্যাচের আগে আমি চিন্তিত নই। কারণ খেলার ধরনের ভিন্নতায় পুরোপুরি আলাদা দুটি ম্যাচ। আমি আগেই বলেছি, বার্সেলোনার খেলার ধরন এবং আতালান্তা ও ভেরোনার ধরন পুরোপুরি আলাদা। অবশ্যই চেষ্টা করতে হবে এবং কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে, যা আমরা খেলার সময় করার চেষ্টা করেছি।’

লেস্টারের কাছে আর্সেনালের হার

ইংলিশ প্রিমিয়ার লিগে ৪৭ বছর পর আর্সেনালের বিপক্ষে জয় পেয়েছে লেস্টার সিটি। সবশেষ ১৯৭৩ সালে আর্সেনাল হেরেছিল তাদের কাছে। এবার জয় পেয়েছে তারা আর্সেনালের মাঠে গিয়ে। ৬০ মিনিটে বদলি হিসেবে নামা জেমি ভার্ডি খেলার ৮০ মিনিটে হেডে জয়সূচক গোলটি করেন। ৬ ম্যাচে চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ইপিএলের চতুর্থ স্থানে উঠে এসেছে লেস্টার। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আর্সেনাল। রবিবার সাউদাম্পটনের কাছে ২-০ গোলে হেরেও ৬ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে এভারটন। সমান খেলায় গোলগড়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে শিরোপাধারী লিভারপুল।