সরকারের পদত্যাগ চেয়ে নির্বাচনের দাবি তুলে বিএনপি ইস্যু বানানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের আজকে যে উন্নয়ন-অর্জন তা শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হচ্ছে। শেখ হাসিানর নেতৃত্বে বাংলাদেশে এখন বিশ্ব সমাজে সমীহ আদায় করা সম্ভাবনাময় দেশ। জনগণ এখন উন্নয়নমুখী। সবার চোখে-মুখে এগিয়ে যাওয়ার প্রত্যয়। গতকাল সোমবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, যেকোনো অপশক্তির ষড়যন্ত্র জনগণ নস্যাৎ করে দেবে। বিএনপি কোনো ইস্যু খুঁজে না পেয়ে নন ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করে। কখনো কোটা আন্দোলন, কখনো কোটাবিরোধী আন্দোলনে ভর করে। সর্বশেষ ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনে ভর করে সরকারের পদত্যাগ চেয়েছিল, যা হালে পানি পায়নি। এবারও তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থতা থেকে তাদের কোনো শিক্ষা হয়নি। তিনি বলেন, নির্বাচনের দাবি জানানোর প্রয়োজন নেই, সময় এলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা জানতে চাই, ফখরুল সাহেব যা বলেন তা নিজে বিশ্বাস করতে পারেন কি না। আন্দোলনের ঢেউ তারা টেমস নদীর পাড় থেকে গুলশান অফিসে তুলতে পারেন। কিন্তু পদ্মা, মেঘনা, যমুনাবিধৌত মুজিবের বাংলায় নয়। তাদের আন্দোলনের হাঁকডাক আষাঢ়ের আকাশের মতো সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে যতটা গর্জে বাস্তবে রাজপথে ততটা বর্ষে না।’
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিএনপির বক্তব্যের কঠোর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে বারবার পুরনো অভিযোগ করে চলছে। সরকার নাকি ভিন্নমত সইতে পারে না। এ দেশের আওয়ামী লীগ পরমতসহিষ্ণুতা নিয়ে কাজ করছে। এ জন্যই বিএনপি অনবরত মিথ্যাচার করতে পারছে। আমরা জানতে চাই, সোশ্যাল মিডিয়ায় অনবরত রাষ্ট্রবিরোধী প্রচার কি ভিন্নমত? নাকি রাষ্ট্রকে দুর্বল করা? রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করা, দিনরাত দেশে-বিদেশে বসে অবিরাম দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বৈঠক, মিথ্যাচার আর গুজব ছড়ানো কি মতপ্রকাশের স্বাধীনতা? নাকি প্রবাসে অবস্থানকারী লাখ লাখ বাংলাদেশির জীবন-জীবিকা নড়বড়ে করে তোলা।
সেতুমন্ত্রী বলেন, দেশের গণমাধ্যম নিজস্ব পলিসি অনুযায়ী প্রতিবেদন প্রকাশ করছে। ভীতিকর কোনো পরিবেশ নেই। সরকারের সমালোচনা হচ্ছে। আপনারাও অশ্রাব্য ভাষায় প্রধানমন্ত্রীকে পর্যন্ত গালিগালাজ করছেন। কারও ওপর কোনো চাপ নেই।
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র এক টাকার বাইসাইকেল নয়, এটি একটি ভারসাম্যপূর্ণ কাঠামো, সরকারের পাশাপাশি বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবার সহযোগিতা প্রয়োজন।