লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. সোহেল (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বখাটে যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার সদর হাসপাতালে নিহতের মরদেহ ময়নাতদন্তর জন্য পাঠানো হয়। এর আগে সোমবার রাতে সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের মোহন ডা. বাড়ির সামনে সোহেলের উপর বখাটেরা হামলা করে বলে অভিযোগ করেন পরিবার।
নিহত সোহেল স্থানীয় বাসিন্দা মো. স্বপনের ছেলে ও পেশায় একজন জেলে বলে জানা যায়।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, গত রবিবার রাতে স্থানীয় একটি বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে একই এলাকার বখাটে যুবক সুমন, দিদার ও জুয়েলের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। পরে সোমবার রাত ৯ টায় স্থানীয় মজু চৌধুরীর হাট এলাকা থেকে বাড়ি ফেরার পথে সোহেলের ওপর তারা হামলা চালায়। এ সময় তারা লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতিতে ঢাকায় প্রেরণ করে। পরে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া জানান, যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।