কলমাকান্দায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গলায় ওড়না প্যাঁচানো সপ্তম শ্রেণির এক  স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সদর ইউনিয়নের রাজাপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে। মৃতদেহটি বিকেলের দিকে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

মৃত বন্যা সরকার (১৪) ওই আবাসন প্রকল্পের বাসিন্দা বাচ্চু সরকারের মেয়ে এবং কলমাকান্দা উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

জানা যায়, দুপুর  সাড়ে ১২টার দিকে বন্যা সরকার গোসল করে পোশাক পরিবর্তনের জন্য ঘরে আসে। বেশ কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে দেখে ভেজা পোশাকে ঘরের এঙ্গেলের সঙ্গে ঝুলে আছে বন্যা। পরে পরিবারের লোকজন আবাসন প্রকল্পের বাসিন্দাদের সহায়তায় বন্যাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৌসুমি করিম মৌরি তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম এ ঘটনার সত্যতা দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন,  সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরে ময়না তদন্তর জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ময়না তদন্তর প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।